লামিনে ইয়ামালকে কি মিস করছেন রবার্ট লেভানডফস্কি? সম্ভবত। নইলে গতকাল রাতে হ্যাটট্রিক করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থের মতো উদ্‌যাপন করবেন কেন!

ওয়ারশতে অনুষ্ঠিত নেশনস লিগের ম্যাচে রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পোল্যান্ড। এই ম্যাচে ২৪ মিনিটে (পেনাল্টি), ৪৭ ও ৮৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন পোলিশ কিংবদন্তি লেভানডফস্কি। শেষ গোলটির পর কর্নার ফ্ল্যাগ ধরে কোমরে হাত দিয়ে তাঁর উদ্‌যাপনে অনেকেরই মনে পড়েছে বার্সা ও স্পেন তারকা ইয়ামালকে।

পোল্যান্ডের জার্সিতে এটি লেভানডফস্কির সপ্তম হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়তে ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে আরও পাঁচটি হ্যাটট্রিক করতে হবে। বর্তমানে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১টি হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তবে ছেলে ও মেয়ে মিলিয়ে ১২টি হ্যাটট্রিক নিয়ে সবার ওপরে রয়েছেন যুক্তরাষ্ট্রের নারী দলের সাবেক স্ট্রাইকার অ্যালেক্স মরগান।

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১০টি হ্যাটট্রিক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। রোমানিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মাধ্যমে রোনালদোর একটি রেকর্ড ভেঙেছেন লেভানডফস্কি। নেশনস লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড এখন তাঁর দখলে। ৩৮ বছর ৪২ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি, যেখানে ২০১৯ সালে ৩৪ বছর ১২০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সপ্তম হ্যাটট্রিক করে হাঙ্গেরির কিংবদন্তি স্যান্ডর ককসিসের সমকক্ষ হলেন লেভানডফস্কি, যিনি গত জুনে বার্সেলোনা ছেড়ে এমএলএস দল শিকাগো ফায়ারে যোগ দিয়েছেন। তবে ইউরোপে জাতীয় দলের হয়ে হ্যাটট্রিকের তালিকায় চারজন তাঁর চেয়ে এগিয়ে। রোনালদোর ১০টি হ্যাটট্রিকের পাশাপাশি সুইডেনের সভেন রাইডেলের আছে ৯টি এবং ডেনমার্কের পল নিয়েলসন ও জার্মানির গার্ড মুলারের রয়েছে ৮টি করে হ্যাটট্রিক।

পোল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ (১৭০) এবং সর্বোচ্চ গোলের (৯২) রেকর্ডও লেভানডফস্কির। মালয়েশিয়ার মোক্তার দাহারিকে (১৪২ ম্যাচে ৮৯ গোল) পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন লেভানডফস্কি। ১৪৭ গোল নিয়ে সবার ওপরে রোনালদো এবং ৯৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু।