কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আনোয়ারখালী গ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের দুই বছরের মেয়ে নুসাইবা আক্তার এবং তার বোন মরিয়মের তিন বছরের মেয়ে আদিবা আক্তার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুইজন বাড়ির পাশে খেলছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে তখনই তারা নিঃশ্বাস বন্ধ করে ফেলে। পরে তাদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "হাসপাতালে আনার আগে দুই শিশুর মৃত্যু হয়েছিল।"
এদিকে, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, "পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।"