ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শনে করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার রাত ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী লাগেজ বেল্ট এলাকায় যান এবং সেখানে নিজেদের লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। উড়োজাহাজ থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রমের অভিজ্ঞতা কেমন—এসব বিষয়ে তিনি যাত্রীদের কাছ থেকে জানতে চান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়ে যাত্রীরা মন্ত্রীর কাছে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী।
বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন এম রশিদুজ্জামান মিল্লাত। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ট্রলির সংখ্যা দ্রুত বাড়ানোর নির্দেশ দেন তিনি। পরিদর্শনের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।