কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করতে আগামী তিন মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, এই ধরনের গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে।
শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমরা কোনো হেলমেট বাহিনী দেখতে চাই না, হাতুড়ি বাহিনী তৈরির কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই। আমাদের দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভাষার ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়ে চিফ হুইপ বলেন, অশ্লীল ভাষা আর বরদাশত করা হবে না। ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার করছে, তাদের লাগাম টেনে ধরা হবে। এছাড়া সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের উদাহরণ টেনে তিনি জানান, অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর বার্তা দিয়েছে এবং অপরাধ করে কেউই পার পাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়াড়িরা ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেদের রাজনৈতিক খোলস পাল্টায়, তবে তাদের প্রকৃত কোনো রাজনৈতিক পরিচয় নেই।
প্রতিযোগিতায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, এস এম মোর্শেদ, সাংবাদিক এম এম বাদশাহ্, মনির মিল্লাত ও জাফর ইকবাল। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।