জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি দাবি করেছেন যে, তারেক রহমানের প্রবর্তিত ফ্যামিলি কার্ডের কারণে দেশে তালাক দেওয়ার প্রবণতা কমেছে। তার মতে, আগে খুব সামান্য কারণে মানুষ তালাক দেওয়ার সিদ্ধান্ত নিত, কিন্তু বর্তমানে ফ্যামিলি কার্ডের সুবিধা থাকায় এই চিত্র বদলেছে। তিনি উল্লেখ করেন, “একটা সময় সামান্য কিছু হলেই তালাক দেওয়া হতো। কিন্তু এখন ফ্যামিলি কার্ড আছে। তালাক দিলে আর ফ্যামিলি কার্ড থাকবে না। তাই তালাক দেওয়া বন্ধ হয়ে গেছে।”
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ খাতের ঘাটতি ও চুক্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিফ হুইপ বলেন, শেখ হাসিনা আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন, সেই অর্থ দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব ছিল। তবে তিনি তা না করে ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন।
জুলাই গণআন্দোলনের সময় স্নাইপার ব্যবহারের বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, “শেখ হাসিনা দেশের মানুষকে হত্যার জন্য স্নাইপার নিয়ে এসেছিলেন এবং সেটাই করেছেন।”
অন্যদিকে, তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি মন্তব্য করেন যে, কিছু অসাধু ব্যক্তি সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যে কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তবে তারা সেই পরিকল্পনায় ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, বিশ্বের ৮৫টি দেশে একই সময়ে তেলের দাম বাড়ানো হলেও তারেক রহমান দাম বাড়াননি।
এছাড়া শেখ হাসিনার আমলের রেখে যাওয়া ঋণের কথা উল্লেখ করে চিফ হুইপ জানান, তারেক রহমান ইতিমধ্যে ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছেন।