পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার লক্ষ্যে চক্রান্তকারীদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। একই সাথে ক্ষমতা ও স্বার্থের টানে একাত্তরের চেতনাবিরোধী শক্তি ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলানো রাজনীতিবিদদের বিরুদ্ধেও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং স্বাধীনতা চায়নি, তারাই এখন দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে স্বাধীনতার শত্রুদের সঙ্গে গোপন চক্রান্ত করছে।"
এ সময় বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি দাবি করেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও বিএনপি সফল করেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াত, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের সঙ্গে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি সবসময় দেশের স্বার্থ, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং দেশের ২০ কোটি মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও বিএনপি কখনো কারও সঙ্গে আপস করেনি বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচন নিয়েও তিনি মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকলেও দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে স্থানীয় নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, প্রতিমন্ত্রী করতোয়া নদী এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের নামফলক উদ্বোধন করেন। পরে তিনি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। এ সময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশের সদস্য, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।