যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী এক নারী জীবনসঙ্গী খোঁজার জন্য এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। প্রচলিত ডেটিং অ্যাপের পরিবর্তে তিনি একটি গুগল ফরম তৈরি করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়। এখন পর্যন্ত ২৪০ জনেরও বেশি পুরুষ এই ফরমে আবেদন করেছেন।

অবিবাহিত ওই নারীর নাম অ্যারিন প্যাটারসন। তিনি তাঁর তৈরি করা এই গুগল ফরমটির নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফরমের লিংক শেয়ার করে তিনি সেটি নিজের প্রোফাইলে পিন করে রেখেছেন।

প্যাটারসন জানান, প্রচলিত ডেটিং প্ল্যাটফর্মগুলোতে অনেক সময় নষ্ট হয়। তাই সম্ভাব্য সঙ্গীদের সম্পর্কে শুরুতেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য তিনি এই আবেদনপত্র তৈরির সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে অপ্রয়োজনীয় বা সম্পর্কের ব্যাপারে অনাগ্রহী ব্যক্তিদের সহজেই বাদ দেওয়া যাবে বলে তিনি আশা করেন।

আগ্রহী আবেদনকারীদের জন্য এই ফরমে বেশ কিছু সরাসরি প্রশ্ন রাখা হয়েছে। সেখানে তাঁদের পেশাগত লক্ষ্য, দৈনন্দিন জীবনযাপন, ব্যক্তিগত অভ্যাস এবং সম্পর্ক নিয়ে প্রত্যাশার কথা জানতে চাওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে সম্পর্কে ধারণা এবং পারিবারিক জীবন নিয়েও প্রশ্ন রাখা হয়েছে। আবেদনকারীরা নিজেদের প্রত্যাশা এবং কোন বিষয়গুলো তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারবেন না, তাও জানানোর সুযোগ পেয়েছেন।

প্যাটারসন ফরমে লিখেছেন, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা রাতের খাবারের জন্য দেখা করতে এবং ভালোভাবে কথাবার্তা বলতে আগ্রহী। এরপর সম্পর্কটি কোথায় গড়ায়, তা দেখার জন্য তিনি প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগটি ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর এই পদক্ষেপকে সাহসী ও অভিনব বলে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, তাঁরাও ভবিষ্যতে এমন পদ্ধতি অনুসরণ করতে আগ্রহী।