দীর্ঘ ২৪ বছর ধরে ব্যবহৃত ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই পদক্ষেপের বিরুদ্ধে স্থানীয় সাতটি গ্রামের মানুষ মানববন্ধন, অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি সিডস্টোর ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান ভোটকেন্দ্রটি আগের স্থানেই বহাল রাখা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল বাশার, হেদায়েত খান, ফজেল হাওলাদার, সুমন ফরাজী, সাবিনা ও সুরভি সাহেদাসহ আরও অনেকে।
বক্তব্য প্রদানকারীরা জানান, ২০০৩ সাল থেকে সরকারি সিডস্টোর ভবনটি ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাতটি গ্রামের মাঝামাঝি অবস্থানে থাকায় নারী, বয়স্ক ও সাধারণ ভোটারদের জন্য এই কেন্দ্রে যাতায়াত করা সহজ। সম্প্রতি কেন্দ্রটি সরিয়ে ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানতে পারেন স্থানীয়রা, যা থেকে এই প্রতিবাদের সূত্রপাত।
তাদের অভিযোগ, প্রস্তাবিত বিদ্যালয়টি ৫ নম্বর ওয়ার্ডের প্রান্তিক এলাকায় অবস্থিত এবং সেখানে ওই ওয়ার্ডের কোনো ভোটারের বসতবাড়ি নেই। ফলে কেন্দ্রটি সরিয়ে নেওয়া হলে সাত গ্রামের অনেক ভোটারকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, যা বিশেষ করে নারী, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ভোটারদের জন্য চরম দুর্ভোগের কারণ হবে। ভোটারদের সুবিধার কথা চিন্তা করে দীর্ঘদিনের বর্তমান কেন্দ্রটিই বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, কেন্দ্রটি বহাল রাখার দাবিতে গত ৩০ জুলাই মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা। আবেদনে উল্লেখ করা হয়, সরকারি সিডস্টোর ভবনটি ভোটারদের জন্য সুবিধাজনক অবস্থানে থাকলেও ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওয়ার্ডের প্রান্তে হওয়ায় যাতায়াতে ভোগান্তি তৈরি হবে।
এ বিষয়ে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, "উভয় পক্ষের লোকজন আবেদন করেছেন। তাদের নিয়ে গণশুনানি হয়েছে। শুনানিতে সন্তুষ্ট না হয়ে বিভাগীয় শহরে পুনরায় তদন্তের জন্য আবেদন করা হয়েছে।"