পাবনার সাঁথিয়া উপজেলার গয়েশবাড়ী গ্রামে ভিমরুলের কামড়ে রোহান হোসেন (৩) ও আরাফাত হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় মারা যাওয়া শিশুদ্বয় হলো স্থানীয় গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান এবং সুজন হোসেনের ছেলে আরাফাত।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ির বাইরে খেলতে গিয়ে রোহান ও আরাফাত একটি ভিমরুলের চাক দেখতে পায়। কৌতূহলের বশে তারা পাটখড়ি দিয়ে চাকটিতে খোঁচা দিলে ভিমরুলের দল বের হয়ে এসে উভয় শিশুকে কামড়াতে থাকে। এতে তারা গুরুতর আহত হন।

শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তাদের মৃত্যু ঘটে।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক নেমে আসে। এ ধরনের ঘটনা এড়াতে ভিমরুলের চাকের কাছে শিশুদের যেতে না দেওয়ার বিষয়ে স্থানীয়রা সতর্কতার কথা জানিয়েছেন।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, "এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের শিশুদের ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে।"