ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করেছে। ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।

আজ দিনভর ফেনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার বিস্তারিত কর্মসূচি অনুযায়ী:

দুপুর সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর দেড়টার দিকে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।

বিকেল সাড়ে ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও দুপুরে ফুলগাজী ডাকবাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।