ফেনীর ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম-পুরোহিতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে তারেক রহমান স্বৈরাচার ও গুপ্ত দলের নতুন জোটের বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, "স্বৈরাচার ও গুপ্ত দল আবারও এক হয়েছে"।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়েও তারা স্বৈরাচারের সঙ্গে তলে তলে একসঙ্গে ছিল। এজন্য তাদের গুপ্ত দল বলা হয়। আপনাদের সতর্ক থাকতে হবে।

তিনি বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, তখন তারা কোথায় ছিল? তিনি অভিযোগ করেন, তারা নিজেদের জন্য রাজনীতি করে, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের এই অপরাজনীতি দেশের মানুষ বুঝে গেছে। যদি তারা দায়িত্ব পায়, তারা নিজেদের জন্য কাজ করবে, দেশের জন্য কিছুই করবে না।

নির্বাচনের আগে তারা বেহেশতের টিকিট বিক্রি করেছে বলেও মন্তব্য করেন তিনি। অথচ বেহেশত-দোজখের মালিক আল্লাহ। এসব বলে তারা প্রকারান্তরে আল্লাহর সঙ্গে শিরক করে। আর যারা আল্লাহর সঙ্গে শিরক করে, তারা মানুষের সঙ্গে প্রতারণা করবে—এটাই স্বাভাবিক। এজন্যই তারা দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এক দফা-এক দফা করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তাই যারা নিজেদের জন্য রাজনীতি করে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

আপনারা আমাকে দেখে রাখবেন

বহু বছর পর নানার বাড়ি ফেনীতে আসার বিষয়ে তিনি বলেন, আমি বহু বছর পর নানার বাড়ি ফেনীতে এসেছি। আমার মা নাই, আপনারাই আমাকে দেখে রাখবেন। নির্বাচনের আগে আমরা বলেছিলাম, সরকার গঠন করলে কৃষক, দিনমজুর, অসহায়-দুস্থ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানীর ব্যবস্থা করব। তারা যাতে স্বাবলম্বী হয়, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আর এ জন্যই আজ তাদের হাতে সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও অর্থ তুলে দেওয়া হয়েছে।

বিএনপি দেশের উন্নয়নের রাজনীতি করে বলে দাবি করেন তিনি। বিগত স্বৈরাচার সরকারের আমলে দেশের অনেক কলকারখানা বন্ধ হয়েছিল। আমরা এখন বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি, যাতে কলকারখানাগুলো চালু হয়। আমার দেশের মানুষের যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। জনগণকে ন্যূনতম একটু সহযোগিতা করতে পারলে তারাই নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলবে।

অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থেকে দেশের ৭৭টি উপজেলায় কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন। এ সময় ফেনীর ১০ জন নারীকে ফ্যামিলি কার্ড, ১০ জন কৃষক-কৃষাণীকে কৃষি কার্ড এবং ১০ জন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতকে বার্ষিক সম্মানী ভাতা প্রদান করেন।