চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি অনুসন্ধানে জেলা প্রশাসন ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সব শিশু এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তারা বাড়িতে ফিরে গেছে।
এর আগে, বুধবার দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর ওই শিক্ষার্থীরা পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
এ ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য অফিসার ও জেলা স্যানিটোরি পরিদর্শককে সদস্য করে কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধান করে দেখবে তদন্ত কমিটি।