ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জামায়াতে ইসলামীর রাজনীতির দ্বৈত চরিত্র উন্মোচন করেছেন। তিনি অভিযোগ করেন, সংসদে সরকারের কর্মকাণ্ডকে সমর্থনের কথা বললেও বাইরে এসে ভিন্ন ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "সংসদের ভেতরে তারা বলে, আমরা তো আপনাদের সঙ্গেই আছি, আপনাদের সব কাজে সমর্থন করছি। কিন্তু বাইরে এলেই তাদের ভিন্ন রূপ দেখা যায়। মুখে এক কথা, অন্তরে আরেক কথা।"

আমিনুল হক আরও জানান, দেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য একটি মহল আওয়ামী লীগের সঙ্গে গোপনে সহযোগিতা করছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারির এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে। আওয়ামী লীগের ‘দোসরদের’ সঙ্গে যোগসাজশ করে কেউ দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রির কথা বলা হয়েছিল। যখন দেখা গেল খুব একটা টিকিট বিক্রি হচ্ছে না, তখন ভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত সাত মাসের কর্মকাণ্ড তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা, পরিবার কার্ড ও কৃষক কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, খেলাধুলায় পেশাদারত্ব এবং পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা নিয়ে কাজ করছে।

জাতিসংঘ সফরের সময় চার দিনে প্রধানমন্ত্রী ৩২টি বৈঠক করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিনিয়োগ ও উন্নয়ন বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কাজ করছেন।

ক্রীড়া খাতের উন্নয়ন নিয়েও কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশ কবে ফুটবল বিশ্বকাপে খেলবে- এমন স্বপ্ন দেখা দোষের নয়। তবে বাস্তবতা বিবেচনায় নিয়ে এগোতে হবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি এবং অন্যান্য খেলায় তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ইতিমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। এতে কিশোরদের পাশাপাশি কিশোরীদের অংশগ্রহণও প্রায় সমান। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি। ছয় থেকে সাত মাসব্যাপী এ আয়োজনে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন অংশ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।

শিশু-কিশোরদের ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখা এবং মাদক থেকে মুক্ত রাখার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপিয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।