নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি রোধ করতে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি নিজেই সবকিছুর তদারকি করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই বিষয়ে কথা বলেন।
পরিদর্শনকালে আমিনুল হক বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ জনকে ইতোমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িত অভ্যন্তরীণ বা বাহ্যিক সবাইকে আইনের আওতায় এনে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য যে, প্রশ্নফাঁসের কারণে এর আগের পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে তা প্রতিটি কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সচিবালয়ে রাত জেগে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং তা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। আজকের প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর শনিবারের (১৭ অক্টোবর) মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা চলছে।
পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হলে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে এই প্রথম নিয়োগ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।