চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ‘নাইস ইটভাটা’ সংলগ্ন এলাকা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. মিজানুর রহমান (২১) ওই গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন এবং কিছু পরিমাণ গাঁজাও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইটভাটার কাজে যাওয়া শ্রমিকরা এলাকায় পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় গ্রামপুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, "হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবন বা মাদক সংক্রান্ত অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।" তিনি আরও বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"

ওসি একরামুল হোসাইন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।