গুয়াহাটির দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে একই ইনিংসে ক্যাম্পবেল, হোপ ও জাঙ্গুর সেঞ্চুরির মাধ্যমে ঐতিহাসিক কীর্তি গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পুরুষদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে তিন ব্যাটসম্যানের শতক রান করা এটি ষষ্ঠ ঘটনা, তবে ক্যারিবীয় দলের জন্য এটি প্রথম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারত সফরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দেখায় ওয়েস্ট ইন্ডিজ। কিয়াসি কার্টি ৯ রানে আউট হলেও পরে ক্যাম্পবেল ভারতীয় বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। মাত্র ২৯ বলে অর্ধশতক ছোঁয়ার পর তিনি ৬৫ বলে শতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০১ রান করে গুরনুর ব্রারের বলে আউট হন ক্যাম্পবেল। ওয়ানডেতে ভারতের বিপক্ষে কোনো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি এটি। এর আগের রেকর্ড ছিল ভিভ রিচার্ডস ও রিকার্দো পাওয়েলের ৭২ বলের সেঞ্চুরি।
ক্যাম্পবেলের আউটের পর স্বস্তি পাননি ভারতীয়রা। অধিনায়ক শাই হোপ ও আমির জাঙ্গু তৃতীয় উইকেটে ১৮২ রানের বিশাল জুটি গড়েন। ৯০ বলে শতক পূর্ণ করেন হোপ। ৯৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করে কুলদীপ যাদবের শিকার হন তিনি।
হোপ ফিরলেও অন্য প্রান্তে থামেননি জাঙ্গু। ৪৪ বলে অর্ধশতক করা বাঁহাতি ব্যাটসম্যান পরের ৫০ রান করেন মাত্র ২৬ বলে। ৭০ বলে ১২ চার ও ২ ছক্কায় শতক পূর্ণ করলে নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক কীর্তি।
এর আগে পুরুষদের ওয়ানডেতে একই ইনিংসে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি হয়েছিল পাঁচবার। প্রথম দুইবারই দক্ষিণ আফ্রিকা ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে এই কীর্তি গড়ে। এরপর ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ড এবং ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আবার দক্ষিণ আফ্রিকা একই কীর্তি গড়ে। ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে তালিকায় যোগ হয় অস্ট্রেলিয়া।
তাই ক্যাম্পবেল, হোপ ও জাঙ্গুর সেঞ্চুরিতে এই তালিকায় ষষ্ঠ দলীয় ইনিংস হিসেবে যোগ হলো ওয়েস্ট ইন্ডিজের নাম। দক্ষিণ আফ্রিকা তিনবার এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে এই কীর্তি গড়েছে।
এছাড়াও, এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের সেঞ্চুরির ধারা অব্যাহত থাকে। প্রথম ওয়ানডেতে জাস্টিন গ্রিভস করেছিলেন ১০১। তিন দিন পর দ্বিতীয় ম্যাচেই তিন সেঞ্চুরি পেল ক্যারিবীয়রা। প্রতিবেদন লেখার সময় ক্যারিবীয়দের সংগ্রহ ৪৩ ওভার ৫ বলে ৩৫৯/৫।