রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাত দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে চারজন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া যমুনা টেলিভিশনের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন: টেলিভিশনের ক্যামেরাম্যান সিফাত, রিপোর্টার কামরুল ইসলাম, ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহমুদ আল মারুফ এবং স্টার টেলিভিশনের এক ক্যামেরাম্যান।

সিফাত মুক্তকণ্ঠকে বলেন, "সংঘর্ষের সময় আমি ফুটেজ নিচ্ছিলাম। তখন তারা টার্গেট করে আমার ওপর হামলা করে। হামলায় আমার মাথা ফেটে যায়। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল, সাংবাদিকদের মারার প্ল্যান করেই তারা শুরু থেকে কাজ করছিল।"

অন্যদিকে, কামরুল ইসলাম জানান, "কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমার পেছন থেকে কলার টেনে ধরে ফেলে দেয়। আমরা কেন তাদের অপকর্মের ফুটেজ নিচ্ছিলাম, এই ক্ষোভেই সাংবাদিকদের ওপর তারা হামলা চালায়।"

ঢাকা পোস্টের মাহমুদ আল মারুফ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "আমি লাইভ করা অবস্থায় তারা আমাকে সরতে বলে। আমি সাথে সাথে সরে গেলেও পেছন থেকে একজন রড দিয়ে আমাকে কোমরে আঘাত করে।"

এর আগে সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতির সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুলিশকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশনের উচ্ছেদ দল মিরপুর-১০ এলাকায় অভিযানে নামে। অভিযান চলাকালে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে উপস্থিত হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা অভিযানে নিয়োজিত সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালান এবং তাদের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া উচ্ছেদ কাজে ব্যবহৃত একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।