রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং পুলিশের যৌথ অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি দল ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদের জন্য ঐ এলাকায় যায়। প্রত্যক্ষদর্শীদের জানান, অভিযান শুরু করার পর ফুটপাতের ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে ডিএনসিসির গাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।
দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীরা অবস্থান নেয়, অন্যদিকে পুলিশ মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান গ্রহণ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও উত্তেজনা চলছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাঁদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।