ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদের আমল থেকে যারা ফুটপাত দখল করে রেখেছিল, তাদের এবং তাদের ইন্ধনে আজ সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক বন্ধুদের ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বর সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, "নগরবাসী যাতে নির্বিঘ্নে ফুটপাতে চলাচল করতে পারেন, সে জন্য নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। যা অব্যাহত থাকবে।"

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আরও বলেন, "আমার প্রিয় নগরবাসীকে নির্বিঘ্নে ফুটপাতে হাঁটা-চলা থেকে যারা বিঘ্নিত করে, আমরা নগরবাসীর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।"

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুৎ সংযোগের শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা।

একপর্যায়ে সিটি করপোরেশনের তিনটি ময়লা ফেলার গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু (এক্সাভেটর) ও পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।