বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খুঁজে নিতে সম্প্রতি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেছেন জার্মান পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল। এই পরিদর্শনের মাধ্যমে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে।
প্রতিনিধিদলকে স্বাগত জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। পার্লামেন্টের সদস্য নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন গেরল্ড অটেন, ইয়োহান সাটহফ এবং উরসুলা শাওস। এছাড়া বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোৎসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই যাত্রায় ছিলেন।
এমআইইজেড পরিদর্শনের সময় মেঘনা গ্রুপের কর্মকর্তারা জার্মান প্রতিনিধিদলকে জোনের বিভিন্ন সুবিধা ঘুরিয়ে দেখান। বিশেষ করে জার্মান মালিকানাধীন সিএইচটি বাংলাদেশ লিমিটেড এবং সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেডসহ কারখানাগুলো পরিদর্শন করা হয়। এমআইইজেডের অধিকাংশ কারখানায়ই জার্মানির মেশিনারি ও প্রযুক্তি ব্যবহার করা হয়, যা দুই দেশের মধ্যে শিল্প-সম্পর্কের গভীরতার প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
পরিদর্শন শেষে জার্মান প্রতিনিধি নিকলাস কাপ বলেন, ‘এমআইইজেডে জার্মান শিল্প ও প্রযুক্তির এই শক্তিশালী উপস্থিতি দেখে আমি আনন্দিত। এ ধরনের পরিদর্শন জার্মানি ও বাংলাদেশের মধ্যকার গভীর অর্থনৈতিক অংশীদারত্বকে তুলে ধরে। আগামী দিনে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।’
এমজিআই চেয়ারম্যান এবং এমডি মোস্তফা কামাল বলেন, জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। এই সম্পর্ক অবকাঠামো, স্বাস্থ্য ও জ্বালানি খাতে কয়েক দশকের সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে ক্রমবর্ধমান উদ্যোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।