বরিশালের উজিরপুর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা বাজারের একটি খুঁটির সাথে বেঁধে রাখলে, তার ছোট্ট মেয়েটি চা ও রুটি নিয়ে সেখানে ছুটে যায়। দীর্ঘ সময় ধরে আটকে থাকা অবস্থায় বাবার মুখে হাতে খাবার তুলে দেওয়ার সেই মর্মস্পর্শী দৃশ্যটি ভিডিও হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষজনকে আবেগাপ্লুত করে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উজিরপুর উপজেলার বামরাইল বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে অনিক সরদার নামের এক যুবকের বিরুদ্ধে। এতে ক্ষোভিত হয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে বাজারের একটি খুঁটির সাথে বেঁধে রাখেন।

সকালে বাবা আটকে থাকার খবর পেয়ে তার ছোট্ট মেয়েটি দৌড়ে বাজারে আসে। দূর থেকেই খুঁটির সাথে বাঁধা অবস্থায় বাবাকে দেখে মেয়েটি একটি দোকান থেকে রুটি ও চা কিনে নিয়ে যায়। এরপর নিজ হাতে বাবার মুখে খাবার তুলে দেয়। এই দৃশ্যটি স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, "মেয়েটি বাবাকে খুঁটির সাথে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা কিনে এনে নিজ হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে সেখানে থাকা অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।"

আরেক স্থানীয় আবদুর রহিম বিষয়টি নিয়ে বলেন, "চুরির অভিযোগের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে ভালোবাসা ও মমতা দেখা গেছে, তা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করেছে।"

উজিরপুর থানার পরিদর্শক ফারুক জানান, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে স্থানীয়রাই ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেন।