স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সতর্ক করে দিয়েছেন, পুলিশের কর্মকর্তারা যদি ফ্যাসিবাদী শক্তির সাথে যোগাযোগ রাখেন বা তাদের গোপন সংবাদ প্রদান করেন, তবে সরকার তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পিছপা হবে না। তিনি জানিয়েছেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহযোগিতার যেসব তথ্য সরকারের কাছে রয়েছে, তা নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে 'পুলিশ সপ্তাহ ২০২৬' উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে ৯২ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদকে সম্মানিত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ কর্মকর্তার পদ যাই হোক না কেন, জনপ্রত্যাশা অনুধাবনে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না। তিনি স্পষ্ট করে বলেন, "রাষ্ট্রদ্রোহ মামলা করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে।" তিনি আরও যোগ করেন, "আশা করি মেসেজটা পেয়েছেন। আমি তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত একটাই মেসেজ দিতে চাচ্ছি, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষার জন্য, জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব।"

দেশের মানুষকে হত্যা করার অভিযোগে নাম জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দেয়। যদি তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। অন্যদিকে, যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, আগামী সপ্তাহে সাইবার অপরাধ মোকাবিলায় আলাদা একটি সাইবার ইউনিট গঠন করা হবে, যা একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে কাজ করবে। দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও বেশি সাহস, সততা ও নিষ্ঠার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

নিয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা প্রয়োজনে ব্যাপক হারে সব ফোর্সের মাধ্যমে অফিসার এবং বিভিন্ন পদবিতে নিয়োগ দেব। এ মেসেজটা আপনারা বুঝে দেখেন।" তিনি মনে করিয়ে দেন, গণতান্ত্রিক ভিত্তি, জনআকাঙ্ক্ষা, ব্যাপক জনপ্রত্যার এবং দুই-তৃতীয়াংশ মেজরিটির ওপর দাঁড়িয়ে গঠিত সরকারের ভিত্তি অনেক শক্তিশালী।