জাতীয় সংসদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে সাজা ভোগ শেষে তাদের কারাগার থেকে মুক্ত করার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিডিআর বিদ্রোহ-সংক্রান্ত মামলাগুলো ইতোমধ্যে আদালতের সুনির্দিষ্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি একটি মামলায় সাজা ভোগ করার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে তা যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।"

তিনি আরও উল্লেখ করেন, শুধুমাত্র পরিচয়, পূর্ববর্তী সাজা বা রাজনৈতিক কারণ দেখিয়ে কোনো ব্যক্তিকে অযথা হয়রানির শিকার হতে দেওয়া হবে না। এই লক্ষ্যে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি আইনবহির্ভূত, উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি, মিথ্যা মামলা বা অযৌক্তিক পরিস্থিতির সম্মুখীন হন, তবে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিবিড়ভাবে যাচাই করা হবে। সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, "বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি কারাগার থেকে খালাস পাওয়ার অধিকারী।"