ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আবদুল হাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার আসামি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত বছরের ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে আবদুল হাকিম সৌরভকে ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন। কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তার পায়ে লোহার তারকাঁটা ঢুকে সে আহত হয়।
ঘটনার পর হাকিম সৌরভকে আঘাতের কথা কাউকে জানানোর নিষেধ করেন। পরবর্তীতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় সৌরভের মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন সৌরভের মা রানু ক্ষত্রিয় ফুলপুর থানায় আবদুল হাকিমকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে হাকিম আত্মগোপনে ছিলেন। প্রায় এক বছর পাঁচ মাস পর তাঁর এলাকায় আসার খবর পেয়ে আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "মামলা হওয়ার পর হাকিম আত্মগোপনে ছিলেন। প্রায় এক বছর পাঁচ মাস পর তাঁর এলাকায় আসার খবর পেয়ে আজ ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।"