ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি প্রবাসী পরিবারের ওপর ডাকাতির পর তাদের ১৪ বছর বয়সী ছেলের সাক্ষ্যে মা-কে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। পাঁচ যুবক ওই প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ঢুকে ১৪ বছর বয়সী ছেলের কাছে পানি চান। ছেলে পানি নিয়ে দরজার কাছে আসলে যুবকেরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে গাছের সাথে বেঁধে রাখেন। এরপর তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের নারী সদস্যকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ প্রায় পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করেন।

ডাকাতির পর অভিযুক্তরা ওই নারীকে তার ছেলের সামনে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ধর্ষণের সময় এটি ভিডিও করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আগামী তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। একই সঙ্গে ঘটনা কাউকে জানালে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চর কালিবাড়ি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে রাজিব নামের একজনকে আটক করা হয়। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে চর কালিবাড়ি এলাকার শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুলের (২২) নাম উল্লেখ করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় রাজিব নামে একজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের পর প্রবাসী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

স্থানীয় শরীফুল ইসলাম ফরাজি সুমনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুব খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, চরআলগী ইউনিয়ন বিএনপি নেতা গাউসুল আজম বাচ্চু, রোকুনুজ্জামান রোকন প্রমুখ।