কুমিল্লায় হত্যার শিকার ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর পর থেকে তার পরিবারকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং ফোনে হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অধ্যাপক ড. নাহিদা বেগম ও বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লার সদর দক্ষিণ থানায় এ জিডি করেন। তিনি জানান, ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অপ্রতিম ও তাদের পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে তাদের দুজনের ফোনে বিভিন্ন নম্বর থেকে কল করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার ফোন নম্বর বন্ধ রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

ড. নাহিদা বেগম জানান, অপ্রতিমের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও আইডি থেকে তাদের নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। অপরিচিত নম্বর থেকে ফোন করে নানা ধরণের কথা বলা হচ্ছে। শোকের মধ্যে নতুন করে মানসিক চাপ ও নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে পড়েছেন তারা।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে হয়রানির অভিযোগে অপ্রতিমের বাবা একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।