কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) এনসিপির নেতৃবৃন্দ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ শোকাহত মা-বাবার পাশে থাকার আশ্বাস দেন। তারা ঘটনার তদন্তে সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জন্য জোর দাবি জানায়।
সাক্ষাৎকালে ফোনে যোগাযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করে অপ্রতিমের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে জোর দেন।
উল্লেখ্য, কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সানন্দা এলাকার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে।
অ্যাডভোকেট তারিকুল ইসলাম বিষয়টি নিয়ে বলেন, ‘অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’