কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে পুলিশ।
জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল শনিবার রাতে মুক্তকণ্ঠকে জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার গভীরে অনেকটাই পৌঁছে গেছে তদন্তকারী দল। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণে স্পষ্ট হয়ে উঠেছে যে, অপ্রতিমকে সম্ভবত আইফোন চুরির অভিপ্রায়েই হত্যা করা হয়েছিল।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গতকাল রাতে মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা পুরো ঘটনার বিস্তারিত রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরব। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’
গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল। বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ গতকাল দুপুরে সদর উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে উদ্ধার করা হয়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। ওই কিশোরকে পুলিশ আটক করে। তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে গতকাল রাতে ফোনটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় গতকাল আরও এক কিশোরকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে।