রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মাহাবুর ওরফে মহুবর হোসেন (৫৫) উপজেলার চর তাম্বুলপুর মাষ্টারপাড়া এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত হাসানুর রহমান (২২) নিহতেরই ছেলে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিকেলে মাহাবুর হোসেনকে তার ছেলে হাসানুর রহমান ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"