ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-একই এলাকার আব্দুল মোতালেবের স্ত্রী সুমেরী বেগম (৭০) ও তার নাতনি আসিফা আক্তার (৩)।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক (এসআই) শুভ জানান, সুমেরী বেগমের মেয়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং মেয়ের স্বামী প্রবাসী শ্রমিক। সে সুবাদে তাদের সন্তান আসিফা আক্তার নানির বাসাতেই থাকত।
তিনি আরও জানান, বাড়ির আঙিনায় ভিমরুলের একটি বাসা ছিল। সেখান থেকে একঝাঁক ভিমরুল বের হয়ে তিন বছরের শিশু আসিফাকে কামড়াতে শুরু করে। এতে আসিফা চিৎকার শুরু করলে তাকে বাঁচাতে নানি সুমেরী বেগম এগিয়ে আসেন। এ সময় তাকেও ভিমরুল কামড়ায়। কামড়ের তীব্রতায় শিশু আসিফা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুমেরী বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এসআই শুভ বলেন, সকালে ঘটনাটি জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।