ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানো দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত দুই শিক্ষককে বদলির সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনাটি খতিয়ে দেখতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত প্রক্রিয়া শেষ করে গতকাল বুধবার সন্ধ্যায় তিনি প্রতিবেদনটি পান। প্রতিবেদন পাওয়ার পর আজ বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পাশাপাশি তাঁদের বদলির সুপারিশ করে সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সম্প্রতি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জানা যায়, তাঁরা ব্যক্তিগত জীবনে স্বামী ও স্ত্রী। পারিবারিক বিরোধের জেরেই তাঁরা বিদ্যালয়ের ভেতরে মারামারিতে জড়ান। গত মঙ্গলবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিস কক্ষেই আফজাল হোসেন ও আসমা বেগম মারামারিতে জড়ান। তাঁদের বিয়ে হয়েছিল ২০০৪ সালে এবং তাঁদের একটি মেয়ে রয়েছে। মেয়েটি বর্তমানে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। তবে গত ১৪ বছর ধরে এই দম্পতি আলাদা থাকছেন এবং তাঁদের মধ্যে আদালতে মামলাও চলছে। উল্লেখ্য, ২০১১ সালের দিকে তাঁরা দুজনই আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।