চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন রোগী। উল্লেখ যে, গতকাল রোগী ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৮৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত ১০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট—এই আট মাসে মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল না। এর আগে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল আগস্ট মাসে, যার সংখ্যা ছিল ৪৩ জন এবং জুলাই মাসে মৃত্যু হয়েছিল ৩৬ জনের। আগস্ট মাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬ জন, তবে চলতি মাসে এই সংখ্যা ইতিমধ্যে ৩১ হাজার ৫২১ জনে পৌঁছেছে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৭ জনসহ মোট ৬২ হাজার ১১৭ জন ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এলাকাভিত্তিক ভর্তির হিসেবে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, ঢাকা বিভাগে ৪০৫ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭ জন, ময়মনসিংহে ১১৩ জন, রংপুরে ৫৯ জন, সিলেটে ৮ জন এবং রাজশাহীতে ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।