আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। এ উপলক্ষ্যে রাজধানীর ঢাকা কমার্স কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ নির্ধারিত ছিল ২৩ সেপ্টেম্বর। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন আবেদন শুরু হয় গত ২ সেপ্টেম্বর। এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেন। গত ১৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রথম ধাপে কলেজ সিলেকশন পান ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন।