২০২৭ সালের হজ প্রাক্নিবন্ধন ও নিবন্ধনের অর্থ গ্রহণের সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) দেশের সকল সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে, নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে বলা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে আদেশ পাঠিয়েছে। আদেশে উল্লেখ করা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই দিনে হজের অর্থ গ্রহণকারী ব্যাংক শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকিং লেনদেনের নির্দিষ্ট সময়ের পর যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রাহকরা ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে হবে।