চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক ত্রুটির কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিঁদিরপুর এলাকার মাছুয়াখালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার এবং মানিক মিয়ার। প্রত্যক্ষদর্শীদের জানান, সকালে হঠাৎ করে জালাল জমদ্দারের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়ি ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত সাহায্যে এগিয়ে আসেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার বলেন, "হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এখন কোথায় থাকব, সেই জায়গাটুকুও নেই।"
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পাঁচটি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়েছে। এতে দুইজন আহত হয়েছেন। একটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।"