নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
মোশতাক আহমেদ রুহী ২০০৮ সালে এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।