রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে পদস্থানচ্যুত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগকৃত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। আজ থেকেই এই আদেশ কার্যকর হবে।

গত ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় নিষিদ্ধ দলের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। ওই ঘটনায় পুলিশ হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে এবং পাঁচটি ককটেল উদ্ধার করে। এরপর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।