রাজধানীর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল হয়েছে। এ সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০–২০০ নেতা–কর্মী জড়ো হন। মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।"

ওসি আরও জানান, মিছিলে অংশ নেওয়া আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত চার ব্যক্তি হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।