রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের হওয়া একটি ঝটিকা মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এই ঘটনার পর পুলিশ ওই মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।

ধানমন্ডি থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় হঠাৎ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান হোসাইন (২৯), মো. তুহিন (২৫), মঈন আহম্মেদ (২৪) ও ইমরান হোসেন (৩৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।"