আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত নতুন টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। প্রথমবারের মতো তিনি এই তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন। আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলে এক নম্বরে স্থান করে নিয়েছেন তিনি।

১ রেটিং পয়েন্টের ব্যবধানে আবরার শীর্ষে উঠেছেন। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭৩৬, যদিও তাঁর ক্যারিয়ার সেরা রেটিং ছিল ৭৫৭। ভারত সিরিজে রশিদ খান প্রত্যাশামতো পারফর্ম করতে না পারায় (৩ ম্যাচে ৪ উইকেট, ওভারপ্রতি ৯.৮২ রান খরচ) আবরারের জন্য দরজা খুলে যায়। পাকিস্তানের হয়ে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে পাঁচ নম্বর বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন আবরার। এর আগে এই কীর্তি গড়েছিলেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম এবং শহীদ আফ্রিদি।

এই র‍্যাঙ্কিংয়ে একটি মজার বিষয় হলো, শীর্ষ চার বোলারই লেগ স্পিনার। আবরার ও রশিদ খানের পর অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং ইংল্যান্ডের আদিল রশিদ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন। বোলিং র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের জেমি ওভারটন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাঁচ উইকেট নেওয়ায় ৪৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভারতের ঈশান কিষাণই এক নম্বরে রয়েছেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করে ৫ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ব্রুকের সঙ্গে ইংল্যান্ডের জস বাটলারেরও দুই ধাপ উন্নতি হয়েছে; তিনি আছেন পাঁচ নম্বরে। বাটলার এই সিরিজে সর্বোচ্চ ১৭২ রান করেন, অন্যদিকে ব্রুক করেছিলেন ১৭০ রান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বোলারদের তালিকায় সর্বোচ্চ স্থানে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি ১২ তম স্থানে আছেন। ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সর্বোচ্চ অবস্থানে আছেন তানজিদ হাসান। এই বাঁহাতি ওপেনার ১৭ নম্বরে আছেন।