জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়ায় নতুন হার নির্ধারণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে দূরপাল্লা ও মহানগরীসহ সকল শহরের সাধারণ বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধি করা হলো।
বিআরটিএ’র বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এই নতুন ভাড়ার হার শুধুমাত্র ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত নয়। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনের ভাড়াও সরকারি নির্ধারিত নয়। ফলে এসব যানবাহন এবং এসি বাসের ক্ষেত্রে এই নতুন ভাড়ার হার প্রযোজ্য হবে না।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে তা ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল।