বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এতে যোগ দেন।

এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। সেই প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়া সরকারপ্রধানের পাশাপাশি অন্যান্য কূটনীতিকরাও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করছেন। তুরস্ক বাংলাদেশে বিনিয়োগসহ রাজনীতি ও সামরিক খাতে পূর্ণ সমর্থন দিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান বলেন, "বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আরও আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।"

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা এবং ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।