কুড়িগ্রামে সার বিতরণ প্রক্রিয়ায় একের পর এক বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তির কারণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আব্দুল্লাহ আল মামুন মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন যে, তিনি তার বদলির বিষয়টি জানেন এবং দায়িত্ব হস্তান্তর করেছেন। এর আগে, সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে উক্ত আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সার বিতরণে চলমান বিশৃঙ্খলা ও কৃষকদের সমস্যার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলি করা হয়েছে। তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে এবং বুধবার বিকেলের মধ্যে ঝিনাইদহে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে বলে সূত্র জানিয়েছে।
আব্দুল্লাহ আল মামুনের স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেন।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন মুক্তকণ্ঠকে বলেন, "আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।"
অন্যদিকে, কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ জানান, বুধবার নতুন উপপরিচালক পদে একজন কর্মকর্তা যোগদান করবেন।