আট বছর পর আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা খেলোয়াড় ড্রাফটে অংশ নেওয়ার জন্য তিনি নাম লিখিয়েছেন। এপিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাসকিন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এপিএল জানিয়েছে, বাংলাদেশের এই দ্রুতগতির বোলার টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন। একই সাথে সমর্থকদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কোন দলের জার্সিতে তাসকিনকে দেখতে পছন্দ করেন। তবে এখনো কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার নাম যুক্ত হয়নি।
এবারের ড্রাফটের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার সংখ্যা পাঁচ শতাধিক। নিবন্ধন প্রক্রিয়া গত ১৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। এবার ২৭ সেপ্টেম্বরের ড্রাফটে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গুছিয়ে নেবে।
আফগানিস্তান প্রিমিয়ার লিগ সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ আট বছরের বিরতির পর আগামী ২৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে পাঁচ দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা আবার শুরু হওয়ার কথা রয়েছে।
আগের আসরেও এপিএলের সঙ্গে যুক্ত ছিলেন তাসকিন। ২০১৮ সালে কাঁধাহার নাইটস তাকে দলে নিয়েছিল। এবার ড্রাফট থেকে দল পেলে আবারও আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় দেখা যেতে পারে বাংলাদেশের এই গতিতারকাকে।