কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল হতে পারে কিনা, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ১ অক্টোবরের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তির কাজ করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদনের শর্তাবলিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, কোনো প্রতিষ্ঠানে পরপর তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে তার পাঠদান অনুমোদন বাতিল করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ মোতাবেক, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল করতে পারবে।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বিগত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় সংযুক্ত তালিকায় উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, এ বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।