আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা নিয়োগপত্র গ্রহণ করতে পারবেন। এছাড়া আগামী ১ অক্টোবর থেকে তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান শুরু করবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুক্তকণ্ঠকে এ তথ্য জানান নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান করা হবে।"

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী মুক্তকণ্ঠকে বলেন, "সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা ১ অক্টোবর চাকরিতে যোগদান করবেন- মন্ত্রণালয় থেকে পূর্বেই এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে জেলা শিক্ষা অফিসে যোগদান করবেন পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।"

চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ওই পরীক্ষায় মোট ১৪ হাজার ৩৮৪ প্রার্থী উত্তীর্ণ হন। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং সকল ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।

তবে এরপর দীর্ঘদিন ধরে এই চাকরিপ্রার্থীদের যোগদান প্রক্রিয়া আটকে ছিল। দ্রুত যোগদানের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করেছিলেন তারা। এবার নিয়োগপত্র প্রদান ও যোগদানের ঘোষণার মাধ্যমে ১৪ হাজার ৩৮৪ চাকরিপ্রার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।