সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিষয়টি স্পষ্ট করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত ও অপরিহার্য প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছু প্রার্থী নিয়োগপত্র পাননি বলে জানা গেলেও তা স্বাভাবিক হিসেবে গণ্য হবে।
মন্ত্রণালয় আরও জানায়, আগামী ১ অক্টোবর পর্যন্ত যেসব প্রার্থী উত্তীর্ণ হয়েছেন কিন্তু তাদের কাছে এখনো নিয়োগপত্র আসেনি, তাদের ক্ষেত্রে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।