জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনস্থ সকল মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য আহ্বান করা হয়েছে। বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিষয়টি নিশ্চিত করে মাউশি থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন বেতন কাঠামোতে মাউশির অধীন কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন সংক্রান্ত কার্যক্রম সহজতর ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আইবাস++ সফটওয়্যারে ডাটা এন্ট্রি চলছে। এরই ধারাবাহিকতায় অর্গানোগ্রাম সাব-মডিউলে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের বিস্তারিত তথ্য যুক্ত করা হচ্ছে। এই তথ্যের মধ্যে পদ বা পদবি, মূল গ্রেড এবং পদসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর পে ফিক্সেশন সাবসিস্টেমে জাতীয় বেতন স্কেল ২০৬ অনুযায়ী বেতন নির্ধারণ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা অপরিহার্য। এজন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাবমডিউলে এন্ট্রি করতে হবে। এনাম কমিশনের পর সৃষ্ট নতুন পদগুলোও এই সাবমডিউলে অন্তর্ভুক্ত করতে হবে।
নির্দেশিকা অনুযায়ী, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে। নির্ধারিত ছকে কার্যালয়ের নাম, ১৩ ডিজিটের কোড, ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজিতে), পদের মূল গ্রেড (Substantive Grade), পদভিত্তিক সংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে।
তথ্যের সফট কপি নিকোশ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। একই সাথে হার্ড কপি পাঠাতে হবে উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা (কক্ষ নম্বর-৫৩০) বরাবর। তথ্য পাঠানোর ই-মেইল ঠিকানা হলো [email protected]