বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী প্রশ্ন তুলেছেন, যেসব রাজনৈতিক দল নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলে না, তারা কীভাবে পুরো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। তিনি বলেন, "যে রাজনৈতিক দল নিজেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে না, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে"।
মুক্তকণ্ঠের সাম্প্রতিক আয়োজন 'আলাপনে' অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি। অধ্যাপক দিলারা চৌধুরী যুক্তি দেন, বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কাঠামোতে ন্যূনতম গণতন্ত্রের কোনো চর্চাই নেই।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। দলের অভ্যন্তরে নেতার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল স্তরের কোনো কথা বলার পরিবেশ নেই। এর ফলে মাঠপর্যায়ের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দুঃখ-কষ্ট দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছাতে পারছে না।
অগণতান্ত্রিক কাঠামো বিশিষ্ট দলগুলো ক্ষমতায় আসার পর নিজেদের ঘনিষ্ঠ সহযোগী শক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকে বলেও তিনি উল্লেখ করেন। ফলে ক্ষমতার দলবদল হলেও রাষ্ট্রীয় ক্ষমতা ও শাসনের অগণতান্ত্রিক চরিত্রে কোনো গুণগত পরিবর্তন আসে না বলে তার ধারণা।