সংস্কারের আগে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। রাজনৈতিক দল ও সরকারের স্বার্থ হাসিল করতে দেশের বিচার বিভাগকে বারবার কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে।
সম্প্রতি মুক্তকণ্ঠের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ এসে একথা বলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
তিনি বলেন, "সব সংস্কারের আগে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। রাজনৈতিক দল ও সরকারের স্বার্থ হাসিল করতে দেশের বিচার বিভাগকে বারবার কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে।"
অধ্যাপক দিলারা চৌধুরী আরও বলেন, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে বিগত সময়ে সংবিধানবিরোধী ও পক্ষপাতদুষ্ট নানা সিদ্ধান্ত জনগণের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। দলীয়করণের মাধ্যমে বিচার বিভাগকে যখন ব্যবহার করা হয়, তা নাগরিক অধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন।
তিনি সতর্ক করে বলেন, সাধারণ মানুষ যখন দেশের আইন ও আদালতের ওপর থেকে আস্থা হারায়, তখন রাষ্ট্রের মূল স্তম্ভ ধসে পড়ে। তাই যে কোনো গণতান্ত্রিক কাঠামো টিকিয়ে রাখতে হলে সম্পূর্ণ স্বাধীন ও মেধাভিত্তিক একটি বিচার বিভাগ থাকা দরকার।